ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ তিন দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (২সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।


এসময় সংগঠনটির ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূর আলম , সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আহমাদ গালিব, সহ-সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সংগঠনটির দাবিগুলো হলো: পতিত স্বৈরাচার প্রশাসনের প্রণীত গবেষণা নীতি অবিলম্বে বাতিল করতে হবে,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণীত নীতিমালার সাথে সমন্বয় করে ইবিতে নতুন গবেষণা নীতি প্রণয়ন করতে হবে এবং  বিদ্যমান ভর্তি পরীক্ষা নীতি বাতিল করতে করে নতুন নীতি প্রনয়ন এবং পুনরায় এম.ফিল, পিএইচ.ডি ভর্তির সুযোগ দিতে হবে। 


মানববন্ধনে ছাত্র ইউনিয়ন সভাপতি নূর আলম বলেন, “আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে গবেষণার উপর জোর দিতে, তার জন্য বাজেট বাড়াতে বলছি। আমরা বলে আসছি, গবেষণার যে নীতিমালা আছে তার সংস্কার করতে হবে এবং শিক্ষার্থীদের কে গবেষণামুখী করতে হবে। \"


তিনি আরো বলেন, \"আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে যদি আপনারা এর একটি দিকনির্দেশনামূলক রূপরেখা না দিতে পারেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।\"


মানববন্ধন শেষে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে স্মারকলিপি প্রদান করা হয়।