ইরানের রাজধানী তেহরানে রাতভর অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানে ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়। গত তিন দিনে এটি তেহরানের ওপর ইসরায়েলের তৃতীয় দফা হামলা।
\r\nবিবিসি ও রয়টার্স-এর খবরে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ‘দ্বৈত-ব্যবহারের’ দুটি জ্বালানি কেন্দ্র, যেগুলো সামরিক ও পারমাণবিক কাজে ব্যবহৃত হতো।
\r\nআইডিএফ দাবি করেছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় তিন দিনের মধ্যে ইরানের ১৭০টিরও বেশি স্থাপনায় আঘাত হানা হয়েছে এবং এর মধ্যে ৭২০টির মতো সামরিক স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
\r\nএদিকে তেহরানে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। তবে ইরান জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা জোরদার করেছে এবং পাল্টা জবাব দেবে বলেও ইঙ্গিত দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।





