লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভেসে আসা একটি কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ পাওয়া যায়। স্থানীয় এক যুবক কার্টনটি খুলে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নবজাতকটি কোথাকার তা এখনও জানা যায়নি।”
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী জানান, মরদেহটি থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।







