ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার সকালে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে হামলা নিয়ে দেওয়া তার প্রথম ভিডিও বক্তব্যে তেহরানে শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

তিনি “ইরানের সব অংশের জনগণকে” উদ্দেশ করে বলেন, “স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান প্রতিষ্ঠা করুন।” তিনি আরও বলেন, “আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণের জন্য নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি করবে।”

জুন মাসে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালেও নেতানিয়াহু ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

ভিডিও বক্তব্যের শুরুতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে “ঐতিহাসিক নেতৃত্বের” জন্য ধন্যবাদ জানান।

নেতানিয়াহু বলেন, “এই হত্যাকারী সন্ত্রাসী শাসনব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না, যা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।”


সুত্র; সিএনএন