যুদ্ধবিরতি শুরুর মাত্র তিন ঘণ্টার মধ্যেই ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে ইসরায়েল। তবে এই দাবির পক্ষে এখনো কোনো নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করেনি তেল আবিব।
\r\nইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, তিনি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন, তেহরানের শাসকগোষ্ঠীর কেন্দ্রস্থলকে লক্ষ্য করে ‘তীব্র প্রতিরোধমূলক হামলা’ চালাতে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
\r\nপ্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময়ের মধ্যেই ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, যেগুলো সফলভাবে ভূপাতিত করা হয়। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
\r\nবিরোধী দল ইসরায়েল বেইতেনু-র প্রধান আভিগদর লাইবারম্যান দাবি করেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায়ই ইরান গোলাবর্ষণ করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া বা উপেক্ষা করা যাবে না। অবিলম্বে জবাব দিতে হবে।’
\r\nএছাড়া ক্ষমতাসীন লিকুদ পার্টি-র এমপি টালি গৎলিভ বলেন, ‘যেকোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।’ একই দলের আরেক এমপি আভিখাই বো-অরন বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর প্রতীকী স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাতে হবে।’
\r\nইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।





