ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আবার শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনে অধিবেশন বসে। এর আগে একই দিন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অধিবেশন মুলতবি ছিল।
এর আগে, গত ১২ মার্চ এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।
এছাড়া প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং এসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
উল্লেখ্য, সংসদীয় রীতি অনুযায়ী প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা হয় এবং শেষে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।





