থাইল্যান্ডে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও সীমান্ত সংঘাতের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে।


জাতীয় সংসদে মোট ৪৯২ আসনের মধ্যে সরকার গঠন করতে হলে একটি দল বা জোটকে অন্তত ২৪৬ আসনে জয়ী হতে হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমিজাই থাই পার্টি ১৯৬ আসনে জয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ১১৬ আসন, বাকি ১৮০ আসনে জিতেছে রক্ষণশীল পিউ থাই পার্টি ও অন্যান্য দল।


ফলে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনের জন্য জোট ছাড়া আর কোনো বিকল্প নেই। যেহেতু ভূমিজাই থাই পার্টি সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে, জোট সরকার গঠিত হলে আনুতিনই প্রধানমন্ত্রীর পদে বসবেন।


৫৮ বছর বয়সী আনুতিন ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন। তার আগে সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে নৈতিকতা লঙ্ঘনের দায়ে ক্ষমতা হারাতে হয়। পায়েতংতার্ন ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং পিউ থাই পার্টির নেত্রী।


অভ্যন্তরীণ অস্থিতিশীলতার প্রেক্ষাপটে গত দুই বছরে দেশটিতে তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। এ সময় অন্তর্বর্তী সরকার থাকার সময় আনুতিনের প্রশাসনের সময় ডিসেম্বর মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাতও ঘটে।