টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায়। আহত যুবদল নেতা আমিনুল ইসলাম বর্তমানে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার পেছনের প্রসঙ্গে জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় সোমবার স্থানীয়ভাবে সালিস বসে। মিঠু আকন্দ সেখানে উপস্থিত না হয়ে পরদিন মঙ্গলবার পুলিশ নিয়ে জমির দখল নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।
ঘটনার পর যুবদল নেতা আমিনুল ইসলামকে ফোন করে থানায় যেতে বলা হয়। এরপর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে ওসির কক্ষে বসে আলোচনা চলছিল। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওসির নির্দেশে এসআই রাসেল ও আমিনুল ইসলামকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বাইরে বের হওয়ার পর এসআই রাসেল আমিনুলকে কানে থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠে।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “ঘটনার পরপরই এসআই রাসেলকে ক্লোজড করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হচ্ছে।”







