দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবককে। নিহত সুমন (৩৫) বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে নিজের গাড়ির ভেতরে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিন বছর আগে তিনি দেশে এসে বিয়ে করেন। তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশে খবর পৌঁছানোর পর থেকেই পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পর পুলিশ নিহতের বাড়িতে যায় এবং বিষয়টি তদন্ত শুরু করেছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়ায় পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।





