দক্ষিণ সুদানের রুওয়েং প্রশাসনিক এলাকায় হামলায় অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় কর্মকর্তারা জানান, প্রতিবেশী ইউনিটি রাজ্যের মায়োম কাউন্টির একদল অজ্ঞাত সশস্ত্র যুবক রোববার আবিয়েমনহম কাউন্টিতে হামলা চালায়। নিহতদের মধ্যে ৮২ জন শিশু, নারী ও প্রবীণ ছিলেন। এ হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রুওয়েং অঞ্চলের তথ্য মন্ত্রী জেমস মনিলুয়াক মিজোক জানান, নিহতদের মধ্যে কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালকও রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রী এলিজাবেথ আচোল বলেন, নিহত ১৬৯ জনের মরদেহ সোমবার একটি গণকবরে দাফন করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ পাওয়া গেলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানায়, হামলা ও সংঘর্ষ প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়, পরে সেনাবাহিনী হামলাকারীদের এলাকা থেকে সরিয়ে দেয় এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রুওয়েং প্রশাসন এই হামলাকে বর্বর ও গণহত্যার শামিল বলে নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ মিশন সহিংসতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।