দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক তাইজুল ইসলাম, জেলা শাখার অধীনস্থ মীরকাদিম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সাজ্জাদ সরকার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীরা বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।





