জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পুরনো রাজনৈতিক সংস্কৃতির ওপর আস্থা রেখে শুধু নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়েই জেতার সময় শেষ। তিনি অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদেরও জনগণের কথা শোনার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো মাঠে সমীকরণ তৈরি করত এবং মানুষ শুধু দলের নাম বা প্রতীক দেখে ভোট দিত। এখন আর সেই অবস্থা নেই।”
তিনি সতর্ক করে জানান, “অনেক স্থানীয় নেতাকর্মী কিছু জেলায় কয়েকজন মিলে কার্যক্রম চালাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জেতার সুযোগ আর নেই।”
সারজিস আলম আশা প্রকাশ করেন, জনগণ এবার বয়স, প্রতীক বা পুরনো দলের প্রতি আনুগত্যের বাঁধন ভেঙে সঠিক প্রার্থীকে বিজয়ী করবে।
সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি দেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে। উত্তরাঞ্চলের ৩২টি জেলার মধ্যে ২০টিতে ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি কার্যকর হবে।
তিনি আরও জানান, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করা এবং সংসদে জনগণের কার্যকর প্রতিনিধিত্ব প্রদানের জন্য সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই দলের অগ্রাধিকার।





