নিজস্ব প্রতিবেদক, কালাম মুহাম্মাদ : বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাতে ৮ টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন।
আজ সকাল ১১ টায় বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন সাংবাদিকদের এই তথ্য জানান।
যে সব জায়গায় সমাবেশ করবেন তারেক রহমান
তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে/ রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।
এ লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করা হয়েছে ।
যারা যারা থাকছেন তারেক রহমানের সিলেট সফরে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তাঁর প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাঁদের মূল্যায়ন করা হবে। সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশকিছু ত্যাগী, সংগ্রামী তরুণ নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচরণায় থাকছে থিম সং
নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উম্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ, তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





