জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের বড় সংকট হচ্ছে দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। তার দাবি, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়েছে। ভবিষ্যতেও একই নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় এলে দেশ উন্নতির পথে এগোতে পারবে না।
বুধবার ঢাকা–৪ আসনের মিরহাজিরবাগ এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ শেষে পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হবে। তার ভাষ্য মতে, জামায়াতের নেতৃত্বে আলেম–ওলামা ও সিভিল কমিটির সমন্বয়ে এমন একটি সমাজব্যবস্থা গড়ে ওঠবে যেখানে কোনো দল একচ্ছত্র প্রভাব বিস্তার করতে পারবে না।
তিনি আরও বলেন, ছাত্র সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় নির্বাচনে শিবিরপন্থী প্যানেল বিজয় অর্জন করায় “নতুন সম্ভাবনার দ্বার” খুলেছে এবং জামায়াত ক্ষমতায় গেলে দেশেও একইভাবে নতুন ধারা তৈরি হবে।
ঢাকা–৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বক্তব্যে বলেন, জনগণ আর দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসী নেতৃত্বকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তিনি এলাকাবাসীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে প্রার্থীর পক্ষে গণসংযোগ চলে। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।





