বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তার শোকজ নোটিশ প্রত্যাহার, বদলি আদেশ বাতিলসহ বিভিন্ন দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী আচরণের’ অভিযোগ তুলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের নিচে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে সংগঠনের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।
মাসুম বিল্লাহ বলেন, গভর্নরের বিভিন্ন সিদ্ধান্তকে তারা স্বৈরাচারী পদক্ষেপ বলে মনে করেন। শোকজ নোটিশের জবাব দেওয়ার আগেই তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সমস্যার সমাধানের জন্য তারা গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তিনি দেখা করেননি বলে দাবি করেন। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে প্রতীকী কলম বিরতি এবং রোববার সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
প্রতিবাদ সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, তারা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন চান, কিন্তু কার্যত স্বৈরশাসনের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের দাবিগুলো বারবার উপস্থাপন করলেও তা আমলে নেওয়া হয়নি। বরং কর্মকর্তাদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ব্যাংকে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে সেক্টরের ওপর প্রভাব পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ’র ডেপুটি হেড মফিজুর রহমান খান চৌধুরী বলেন, গত সাত-আট মাস ধরে তারা ন্যায্য দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।





