দাবি পূরণের আশ্বাসে চলমান কর্মবিরতি কর্মসূচি স্থগিত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৫ মে) সন্ধ্যায় পরিষদের এক সদস্য ও এনবিআরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সরকার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিচ্ছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, \"কিছুক্ষণের মধ্যেই আমরা এ বিষয়ে একটি প্রেস রিলিজ দেব।\"

এর আগে, রবিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআরের বেশিরভাগ দাবির প্রতি সরকারের ইতিবাচক অবস্থান স্পষ্ট করে। এতে বলা হয়, \"জাতীয় রাজস্ব বোর্ডকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার কাঠামো সংস্কারে সরকার বদ্ধপরিকর।\"

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের স্বার্থ রক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করা হবে। এ লক্ষ্যে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি, এনবিআর এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনতে সরকারের প্রতিশ্রুতি রয়েছে এবং সংশোধনের আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না।

প্রসঙ্গত, এনবিআরকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কলমবিরতি শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর অর্থ উপদেষ্টার সঙ্গে একাধিক বৈঠক এবং স্মারকলিপি প্রদান করেন তারা। সর্বশেষ ২৪ ও ২৫ মে দেশব্যাপী কর্মবিরতি পালন করা হয়। একই দাবিতে ২৬ মে দেশব্যাপী আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিতের ঘোষণাও ছিল, যদিও ওষুধ, জীবনরক্ষাকারী পণ্য এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহন এর আওতামুক্ত রাখা হয়।

\r\n\r\n\r\n\r\n\r\n

সরকারের আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত থাকলেও, দাবি পূরণে প্রতিশ্রুত সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপের দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।