চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


\r\n

রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

\r\n

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

\r\n

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়।

\r\n

নতুন ঘোষণায় ভ্যাটসহ বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম নির্ধারিত হয়েছে ১০৮ টাকা ৮৩ পয়সা, যা গত মাসে ছিল ১০৪ টাকা ৪১ পয়সা। ফলে প্রতি কেজিতে দাম বেড়েছে ৪ টাকা ৪২ পয়সা। এই হিসাব অনুযায়ী বাজারে থাকা বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে।

\r\n

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা রাখা হয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা।

\r\n

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম সমন্বয় করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য, বিশেষ করে সৌদি আরবের ঘোষিত সৌদি কার্গো মূল্যকে ভিত্তি ধরে এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়।