মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।


শনিবার (৪ এপ্রিল) রয়টার্স-এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

এর আগে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র-এর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছিল ভারত। তবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ বাড়ায় সম্প্রতি ওই নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা হয়, ফলে আবারও ইরানি তেল আমদানির পথ খুলে যায়।


ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরান থেকে তেল আমদানিতে অর্থ পরিশোধে কোনো জটিলতা নেই এবং দেশটির রিফাইনারিগুলো নিয়মিতভাবে এই সরবরাহ গ্রহণ করছে।


এদিকে তেলের পাশাপাশি ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)ও আমদানি করেছে ভারত। গত বুধবার এলপিজি বহনকারী একটি জাহাজ মাঙ্গালুরু বন্দরে পৌঁছেছে এবং বর্তমানে তা খালাসের কাজ চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সরবরাহটি এমন একটি জাহাজের মাধ্যমে এসেছে, যা আগে নিষেধাজ্ঞার তালিকায় ছিল।


ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি এখন ৪০টিরও বেশি উৎস থেকে তেল আমদানি করছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিকভাবে প্রয়োজন হলে যেকোনো উৎস থেকেই তেল সংগ্রহ করা হবে। এই উদ্যোগের ফলে আগামী কয়েক মাসের জ্বালানি চাহিদা অনেকটাই নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।