ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের কথা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁর ভাষায়, জুলাইয়ের গণ–অভ্যুত্থানে যারা দল হিসেবে সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে এই জোট তৈরি করা হবে। এতে এবি পার্টির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কয়েকটি দল যুক্ত থাকবে।

রোববার দুপুরে ফেনী শহরের একটি গণমিলনায়তনে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্জু। তিনি ফেনী–২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন। এর অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জোট ঘোষণার সম্ভাব্য দিন হিসেবে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিএনপির সঙ্গে জোটে না যাওয়ার বিষয়ে মঞ্জু বলেন, বিএনপির অনেক নেতা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের মনোনয়ন পাওয়ার অধিকার আছে। বিএনপি এবি পার্টির জন্য আসন খালি রেখেছে—এ দাবি সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, বিএনপি তাদের মতো করে নির্বাচন করছে, আর এবি পার্টি নতুন দল হিসেবে নিজস্ব প্রস্তুতি নিচ্ছে।

নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন না জানিয়ে মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থেকে যায়। নির্বাচনের আগে পরিস্থিতি উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের আরও আন্তরিক হওয়া উচিত।

ফেনী–২ আসনে নির্বাচিত হলে সালিসে হস্তক্ষেপ না করা, প্রশাসনের কাজে চাপ না দেওয়া এবং বাজার ও স্কুল কমিটির নির্বাচনে প্রভাব না খাটানোর অঙ্গীকার করেন তিনি। বরং জেলা প্রশাসকসহ সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়া, সরকারি কাজে জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দের তথ্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন।

ফেনীর উন্নয়ন নিয়ে তিনি বলেন, আগামী দিনে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ করে জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও সেনা ব্রিগেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সংস্কার প্রসঙ্গে মঞ্জু বলেন, অভ্যুত্থানের পর সবাই স্বাধীনভাবে রাজনীতি করছে, যা বড় পরিবর্তন। এখন সরকারের প্রধানকে প্রকাশ্যে সমালোচনা করা সম্ভব হচ্ছে, যা আগের পরিবেশে কল্পনাও করা যেত না। প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে বিরোধী দলের মতামত বাধ্যতামূলক করা হলে আগামী দশ বছরে দেশ বড় পরিবর্তনের মুখ দেখবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। প্রয়োজনে আদালতের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চাওয়ার আবেদনও করতে পারবেন।

সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক আহসানুল্লাহ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান এবং দলের অন্যান্য নেতারা।