জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা আইএইএ (IAEA) আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান সফর করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি। সোমবার (২৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


এই সফরের ঘোষণা এলো এমন এক সময়, যখন জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে—তারা তেহরানের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা আবার শুরু করতে প্রস্তুত। এর কয়েকদিনের মধ্যেই ইরানের পক্ষ থেকে সফরের সময়সূচি জানানো হলো।


ইসমাইল বাঘেয়ি জানান, আইএইএ-এর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাবনা তেহরান তুলে ধরবে। এই প্রস্তাব ইরানের সদ্য পাস হওয়া একটি সংসদীয় বিলের ভিত্তিতে তৈরি, যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতায় কিছু সীমাবদ্ধতা আরোপের আভাস দেওয়া হয়েছে।


বিলটির বিধান অনুযায়ী, ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ-এর যেকোনো ধরনের পরিদর্শনের আগে তেহরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে।


অন্যদিকে, আইএইএ চাইছে তাদের পরিদর্শনের পূর্ণ অনুমতি দেওয়া হোক, যাতে তারা ইরানের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে। যদিও ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং এর লক্ষ্য কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি নয়।