ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালীর ওপর গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে বুধবার সকালে ইসরায়েল-সম্পৃক্ত “এমএসসি-ফ্রান্সেসকা” ও “এপামিনোডেস” নামের দুটি জাহাজ শনাক্ত করে। অভিযোগ করা হয়, জাহাজ দুটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই গোপনে প্রণালী ত্যাগের চেষ্টা করছিল এবং বারবার নিয়ম লঙ্ঘন, নৌ-নির্দেশনা ব্যবস্থায় হস্তক্ষেপ ও সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল।


নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রণালীতে ইরানের কর্তৃত্ব প্রয়োগের অংশ হিসেবে জাহাজ দুটিকে আটক করা হয়।


আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, পণ্য ও নথিপত্র পরীক্ষা করতে জাহাজগুলোকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম ভঙ্গ বা এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ব্যাহত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে পূর্ণ নজরদারির পর কঠোর ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।