অনেকটাই সাদামাটা আয়োজনে শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ট্রফিসহ অধিনায়কদের ফটোসেশন হয়নি। কারণ বিপিএলের ট্রফি তখনো বাংলাদেশে পৌঁছায়নি। বিসিবি জানিয়েছে, দুবাই থেকে হীরাখচিত নতুন ট্রফি আনা হচ্ছে।
ট্রফি ছাড়াই বিপিএল শুরু হওয়ায় সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব সমালোচনার মধ্যেই বিসিবি জানায়, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নতুন ট্রফি তৈরি করা হয়েছে, যাতে থাকবে হীরের ঝলক।
এ বিষয়ে সিলেটে সাংবাদিকদের গভর্নিং কাউন্সিল সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন বলেন, আগে যে ট্রফি ছিল, তা ছিল গতানুগতিক। পরে আরেকটি ট্রফি আনা হয়েছিল, কিন্তু সেটিও মানসম্মত হয়নি। তাই সেটি পরিবর্তন করে নতুন ট্রফি বানানো হচ্ছে, যা খুব শিগগিরই হাতে পাওয়া যাবে।
বিসিবির তথ্য অনুযায়ী, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের তৈরি ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় দেশে আসতে পারে। ট্রফি এলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এবং অধিনায়কদের নিয়ে ফটোসেশনও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। পরে শুক্রবার সিলেটে ম্যাচ শুরুর আগে সংক্ষিপ্ত ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার ম্যাচের আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
তবে সেই অনুষ্ঠানে মঞ্চের সামনে বিসিবি কর্মকর্তাদের ভিড় থাকায় গ্যালারিতে বসা দর্শকদের জন্য অনুষ্ঠান দেখা কঠিন হয়ে পড়ে। ফলে আয়োজনটি অনেকটাই কর্মকর্তাকেন্দ্রিক হয়ে যায় বলে অভিযোগ ওঠে।
তবে মাঠের লড়াইয়ে দর্শকদের হতাশ হতে হয়নি। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে সিলেট টাইটান্স ১৯০ রান করে। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।





