আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। তিনি বলেন, “দুর্নীতি এখনও রয়েছে। তবে তা কমেছে না বেড়েছে—এখনই তা নির্ধারণ করা সম্ভব নয়। এটা বলার জন্য সময় প্রয়োজন।”


\r\n

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তার বাংলাদেশ সফর উপলক্ষে টিআইবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।


\r\n

দেশের সামগ্রিক দুর্নীতি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, “সাবেক আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দুর্নীতির মাত্রা ছিল ব্যাপক। ২০২৩ সালের আগস্টে ক্ষমতা পরিবর্তনের পরও দুর্নীতির পুরোপুরি অবসান ঘটেনি। যারা দুর্নীতির মামলায় অভিযুক্ত, বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিরা—তাদের বিরুদ্ধে মামলা সুষ্ঠু ও কার্যকর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যেসব দেশ তা করতে পেরেছে, তারাই দুর্নীতি ধারণা সূচকে উন্নতি করেছে।”


\r\n

সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশ সফর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমি মালদ্বীপ ও শ্রীলঙ্কায় গিয়েছি। এই সফর কেবল প্রতীকী নয়—এটি বৈশ্বিক দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতি আমার ও টিআইয়ের পূর্ণ সমর্থনের প্রকাশ।”