আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দায়ের করা হবে। তিনি বলেছেন, দুর্নীতি করে কেউ পার পাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় মন্ত্রী এসব মন্তব্য করেন। সভার আগে উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন মন্ত্রণালয়ে তাঁর স্বাগত জানান।
\r\nমন্ত্রী বলেন, বিচারক মানেই সৎ। “সৎ-অসৎ বিচারকের আলাদা সংজ্ঞা নেই। বিচারকের সঙ্গে সততার বৈশিষ্ট্য জড়িত। চাকরির টাকায় সংসার চলে না, এমনদের উচিত ওকালতি করা,” তিনি যোগ করেন।
\r\nদুর্নীতির বিষয়ে মন্ত্রী আরও বলেন, “যদি কেউ মনে করেন, দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে হবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও একসঙ্গে দুর্নীতির মামলা দেওয়া হবে। বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।”





