বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলের কোনো নেতা বা কর্মীর কাছে জনগণের সম্পদ লুট বা দুর্নীতি করার কোনো অভিজ্ঞতা নেই। তিনি বলেন, “আমরা স্বীকার করি দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নেই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। চাঁদাবাজি বা শিক্ষাপ্রতিষ্ঠান দখলের কোনো অভিজ্ঞতাও আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াতের ঢাকা-১৭ আসনের আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বেছে নেবে। আমরা তাদের অভিনন্দন জানাতে প্রস্তুত। যদি আমাদের দল নির্বাচিত হয়, আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন কাজ করব।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, আমরা কাউকেই বাদ দেব না। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ। বিভক্ত জাতি আর দেখতে চাই না; যারা জাতিকে বিভক্ত করে, তারা জাতির দুশমন।”
তিনি যোগ করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশ ছেড়ে পালায়নি। দেশের মাটিকে কামড়ে ধরেছি। জেল ভোগ করেছি, জীবন দিয়েছি। আমরা এই দেশ, এই মাটি, এই মানুষকে ভালোবাসি।”





