চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল উদ্দিন ও নাসির উদ্দিনের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন মারা যান।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তাঁরা জামায়াতের সঙ্গে যুক্ত। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয়ও শনাক্ত করা যায়নি।” তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।





