আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি ভোটের বাক্সে দুর্বৃত্তরা হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমরা মানুষে মানুষে ভেদাভেদ চাই না, আমাদের পরিচয় একটাই- ‘আমরাই বাংলাদেশ’। যেখানে কোনো বৈষম্য থাকবে না।”
জামায়াত আমির আরও বলেন, “দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় আসি না। আমাদের লক্ষ্য শুধু জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয়। গণভোটে ‘হ্যাঁ’ বিজয় হলেই বাংলাদেশ বিজয়ী হবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সম্প্রতি অনেকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, দয়া করে আর হস্তক্ষেপ করবেন না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যের হস্তক্ষেপ সহ্য করা হবে না।”
কোনো দল বিশেষভাবে উল্লেখ না করে তিনি বলেন, “একটি দল দাবি করছে, তারা ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি মুক্ত করবে। কিন্তু তাদের ৩৯ জন প্রার্থী গুরুতর ঋণখেলাপি।”
এর আগে সকালে যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াত আমির যুবক ও যুবতীদের বেকার ভাতা নয়, কাজের মাধ্যমে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বলেন, যদি জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হয়, তবে মেয়র ও কাউন্সিলরদের বছরে চারবার পচা ডোবার পানিতে গোসল করানো হবে।





