রংপুরে দেড় বছর বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) এবং তার দেড় বছর বয়সী ছেলে জয়দেব ঘোষ। সূচনার স্বামী শংকর ঘোষ (৪৫) শারীরিকভাবে প্রতিবন্ধী এবং একটি মুদি দোকান পরিচালনা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সূচনা ঘোষ প্রথমে তার ছেলে জয়দেবকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। জানালার ফাঁক দিয়ে ঘটনাটি প্রথম দেখতে পায় পরিবারের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।
স্বামী শংকর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসাও চলছিল। তার ধারণা, মানসিক অবসাদের কারণেই স্ত্রী ছেলেকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পরিবারটি অভাব-অনটন ও পারিবারিক অশান্তির মধ্যে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পারিবারিক কলহ নাকি মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।





