বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জামায়াতে ইসলামীর ভোটব্যাংক এখন মাত্র ৫ থেকে ৬ শতাংশ। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষ ধর্মপ্রিয়, আল্লাহর রাসুলকে ভালোবাসে। কিন্তু তারা ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জামায়াতে ইসলামী ৫–৬ শতাংশের বেশি ভোট পায়নি। রাতারাতি সেই সংখ্যা ৫০ শতাংশে পৌঁছে যাবে, এমনটা ভাবার সুযোগ নেই। দেশের মানুষ সহজে তাদের ভোট দেবে না, কারণ তারা জামায়াতকে বিশ্বাস করে না।
মির্জা ফখরুল আরও বলেন, পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এই উপমহাদেশের মুসলমানরা। সেই আন্দোলন ছিল তাদের স্বার্থের জন্য। অথচ জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী সে আন্দোলনের বিরোধিতা করেছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে তারা শুধু বিরোধিতা নয়, পাকিস্তানি সেনাদের সাথে মিলেও নির্যাতন আর গণহত্যায় জড়িয়েছিল। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এসব কথা বলতে তার কোনো দ্বিধা নেই। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এসব সত্য আড়াল করা যাবে না।





