আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীরা ইতিমধ্যেই ১,৯৪,৯১৪টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে, যা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের জন্য পাঠানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে প্রায় ৭,৬৬,৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫,২২,৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪,৬৪,২২৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪,১৮,৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
বিডি পোস্টের মাধ্যমে ১,৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দেশে অবস্থানরত ভোটারদের জন্যও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যে সারা দেশে ৬,৪৬,৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। আজ বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫৮,৭৯৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, এর মধ্যে ৪৩,৩১৯ জন ভোট দিয়েছেন এবং ২৯,৩৩৪ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১৫,৩৩,৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।





