দেশে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংরক্ষিত সমন্বিত তালিকার বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী সংসদে জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের বিভিন্ন ভাতা ও সুবিধা চালু রয়েছে। তবে আপাতত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় নেই।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ এলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তদন্ত ও শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগ জামুকায় পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট বা সংশ্লিষ্ট স্বীকৃতি বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।
এদিকে কৃষি ও ভূমি খাত সম্পর্কিত পৃথক প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, সার বিক্রিতে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং সরবরাহ ব্যবস্থায় কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি ভূমি প্রশাসনে দুর্নীতি ও দালালচক্র দমন করতে ১১ দফা পদক্ষেপ নেওয়া হয়েছে। ই-নামজারি, হটলাইনসহ ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ চলছে বলেও জানানো হয়।





