দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দীর্ঘ আন্দোলন, রক্ত ও আত্মত্যাগের পর দেশ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় মির্জা ফখরুল তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কয়েকটি সংস্কার কমিশন ইতোমধ্যে কাজ করছে। এসব কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সংস্কার সনদে সই করেছে, যা নতুন বাংলাদেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও চলছে। বিএনপি আশাবাদী—এ নির্বাচনে জনগণ নিজেদের মতামত নির্ভয়ে প্রকাশ করে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে।
রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফখরুল বলেন, সুযোগ পেলে দলটি দেশকে গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তিনি অত্যন্ত অসুস্থ এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে। ফখরুল বলেন, “দেশবাসী তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন, আমরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”





