গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগে ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ৪ জন।


একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯২ জন রোগী।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৩৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের।