দেশের নীতিনির্ধারণে অংশ নিতে বাংলাদেশের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়তে তরুণদের সামনে আরও বেশি সুযোগ তৈরি করতে হবে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান বিএনপি চেয়ারম্যান।
পোস্টে তারেক রহমান জানান, ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও চিন্তাশীল তরুণদের সঙ্গে তিনি একটি প্রাণবন্ত ও উদ্দীপনাময় আড্ডায় অংশ নেন। তিনি বলেন, কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের আড়ালে নয়, খোলা আকাশের নিচে বসে তরুণদের সঙ্গে কথা বলেই বুঝেছেন তারা কী ধরনের নতুন রাজনীতি চায়।
তিনি আরও জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা ছিল বাস্তবভিত্তিক ও শক্তিশালী।
তারেক রহমান উল্লেখ করেন, এই প্রতিযোগিতায় দুই হাজার ২০০টির বেশি রিল জমা পড়েছে এবং আলোচনাগুলো ছিল গভীর ও বাস্তবসম্মত।
বিএনপি চেয়ারম্যান বলেন, তরুণদের এসব বক্তব্যই প্রমাণ করে যে দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে তরুণদের জন্য এমন পরিবেশ ও সুযোগ তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবে।





