দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। তাই শিক্ষকদের প্রতি আহ্বান, তারা যেন শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক চাপ না দেন এবং তাদের গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়ার সুযোগ তৈরি করেন।


তিনি আরও বলেন, চিকিৎসা পেশায় শেখার কোনো শেষ নেই। শুধু বই পড়লেই হবে না, রোগী দেখার মাধ্যমে এবং বাস্তব চিকিৎসা কার্যক্রমের মধ্য দিয়েও শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হওয়ার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো আচরণ ও হাসিমুখে কথা বলার পরামর্শ দেন তিনি।


দেশের অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যান উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর পেছনে চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের আচরণও একটি কারণ হতে পারে।


তিনি আরও বলেন, বর্তমান সরকার চিকিৎসা খাত উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন এবং নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্দেশনা দিচ্ছেন। মলিকুলার ল্যাব ও চিকিৎসকদের আবাসন সুবিধা বাড়ানোর প্রস্তাব নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একরের প্রকল্প নিয়েও কাজ করার আগ্রহের কথা জানান তিনি।


একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দায়িত্ববোধ শুধু দেশ ও মানুষের জন্যই নয়, বরং এটি নিজের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসকদের মানুষের প্রতি সহমর্মিতা নিয়ে কাজ করার পাশাপাশি ক্লিনিক্যাল দক্ষতা বাড়ানো এবং আজীবন শিক্ষার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।