বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগে উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এখন সেটি শতভাগে উন্নীত করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ খাতে বিদ্যমান সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য।

তিনি বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। পাশাপাশি কৃষকদের অধিকার ও সুবিধা নিশ্চিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের এসব উদ্যোগের ফলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।