ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে সিনেমার ৭ নভেম্বরের নির্ধারিত মুক্তি স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।

\r\n

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শাহ বানোর পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে জমা দেওয়া আবেদনে দাবি করেছেন, সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করেছে।

\r\n

পরিবারের অনুমতি ছাড়া শাহ বানোর জীবন বা ঘটনার বিষয়গুলো চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আদালত শিগগিরই বিষয়টি নিয়ে শুনানি করবে।

\r\n

আইনজীবী তৌসিফ ওয়ারসি বলেন, “সিনেমাটি দুই ঘণ্টারও বেশি দীর্ঘ। শাহ বানোর জীবনের কোন দিকগুলো কিভাবে দেখানো হয়েছে, তা আমরা জানি না। মুক্তির আগে চলচ্চিত্রের মূল কাহিনি ও বিষয়বস্তু আমাদের কাছে উপস্থাপন করতে হবে।”

\r\n

‘হক’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া মিললেও মুক্তির আগেই সিনেমাটি বিতর্কে জড়িয়ে পড়েছে। এর আগে শাহ বানোর পরিবার নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়ে জানিয়েছিলেন, তাদের অনুমতি ছাড়া ব্যক্তিজীবন পর্দায় তুলে ধরা মানহানিকর।