ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত হয়।
মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ২৮ ডিসেম্বর থেকে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন। তিনি এলাকায় উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া এবং সন্ত্রাস নির্মূল করা নিজের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।
তিনি ভোটের জন্য ধর্মীয় বিষয় ব্যবহার করার প্রবণতাকে নিন্দা জানিয়ে বলেন, জান্নাত-জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নেই। এই বিষয়ে জনগণকে সচেতন করতে দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





