ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘নতুন জাতিসংঘ’ গঠনের চেষ্টা করছেন। ট্রাম্পের প্রস্তাবিত সংস্থার নাম ‘বোর্ড অব পিস’, খবর এএফপি।
শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেন, ট্রাম্পের পরিকল্পনা মূল জাতিসংঘকে সংস্কার করার বদলে নিজ নিয়ন্ত্রণে একটি নতুন সংস্থা তৈরির চেষ্টা।
খবর অনুযায়ী, সংস্থায় স্থায়ী সদস্য হতে হলে ১০০ কোটি ডলার দিতে হবে এবং এর চেয়ারম্যান হবেন ট্রাম্প নিজে। এই কারণে অনেক দেশের নেতা, লুলাসহ, এতে যোগ দিতে আগ্রহী হননি।
গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। সেখানে ১৯ দেশের নেতা ও প্রতিনিধি প্রথম পর্যায়ে সই করেছেন।
লুলা আরও বলেন, বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশ তাদের শক্তি প্রর্দশন করছে, যা বিপজ্জনক। তিনি বহুপাক্ষিক সহযোগিতা ও জাতিসংঘের গুরুত্ব বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
এক দিন আগে লুলা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে কথাবার্তা বলেন। শি জিনপিং জাতিসংঘের মূল ভূমিকা বজায় রাখার পরামর্শ দেন।
লুলা জানান, নতুন সংস্থা প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব নেবে, তবে ভবিষ্যতে এর ক্ষমতা ফিলিস্তিনের বাইরে সম্প্রসারিত হতে পারে। এটি জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করতে পারে।
ফ্রান্স ও যুক্তরাজ্যও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছে। ফ্রান্স বলেছে, সংস্থার নিয়মাবলী জাতিসংঘের আন্তর্জাতিক নীতি ও শর্তের সঙ্গে মেলে না।





