‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার

\r\n

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

\r\n

নতুন এ দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন চূড়ান্ত হয়েছেন। এছাড়া, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

\r\n

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির চারজন দায়িত্বশীল নেতা দলের নাম এবং গুরুত্বপূর্ণ পদগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন।

\r\n

বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এখনো নেতৃত্ব চূড়ান্ত হয়নি। তবে আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব পদে নেতৃত্ব ঘোষণা করা হবে।