বিদ্যমান সংবিধানের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন সংবিধান এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে এনসিপি তাতে অংশ নেবে না।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। সরকার যদি নতুন সংবিধানের রূপরেখা ও জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে এগোয়, তাহলে সেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের স্পষ্ট আপত্তি রয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশে যে নির্বাচন হবে, তা যেন কেবল ক্ষমতার পালাবদল না হয়ে, একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামোর সূচনা ঘটায়—এই আশা আমরা করি। যদি সে লক্ষ্য পূরণ না হয়, তাহলে নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা থাকে না।”
বর্তমান সংবিধানের বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, “যদি আমরা বর্তমান সংবিধানকে অক্ষুণ্ন রেখে নির্বাচনে যাই, তাহলে আবারও দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির ঝুঁকি থেকে যায়। এ কারণেই আমরা বলেছি, নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।”
আখতার হোসেন আরও বলেন, “রাজনৈতিক দলগুলো কেবল নির্বাচন আয়োজনে আগ্রহী। তারা বলছে, পরবর্তী সংসদে গিয়ে সংস্কারের কথা ভাবা হবে। কিন্তু বাস্তবে সেই সংস্কার আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণেই আমরা চাই, নির্বাচন পূর্বেই একটি ঐকমত্যের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু হোক এবং তার জন্য গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হোক।”
তিনি জানান, এই প্রক্রিয়া নিশ্চিত হলে এনসিপি যেকোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনসহ অন্য নেতারা।





