বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ১৯৬৮ সালের ৭ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৯ সালে বিকম (সম্মান) এবং ১৯৯০ সালে এমবিএস ডিগ্রি অর্জন করেন। এমবিএস পরীক্ষায় অনুষদে প্রথম স্থান অধিকার করায় তিনি অগ্রণী ব্যাংক স্বর্ণপদকে ভূষিত হন।

উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি সুইডিশ সরকারের বৃত্তি নিয়ে ২০০৬ সালে গ্যোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তিতে ২০১৩ সালে কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া কমনওয়েলথ বৃত্তির আওতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

পেশাগত জীবনে ১৯৯৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি আবাসিক শিক্ষক, বিভাগের সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা, ছাত্র-উপদেষ্টা এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচিত সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার রয়েছে অভিজ্ঞতা। তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে তিন বছর এবং কার্টিন বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় প্রায় দুই বছর পূর্ণকালীন শিক্ষকতা করেছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে ব্র্যাক বিজনেস স্কুলে প্রায় ১১ বছর অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন।

অধ্যাপনায় যোগদানের আগে তিনি প্রায় দুই বছর একটি বেসরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও তিনি সক্রিয়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর প্রধান সম্পাদক এবং রাজশাহী ইউনিভার্সিটি জার্নাল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ-এর সম্পাদনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যার জনক। প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।