সন্তান প্রসব মানবজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নারীদের সন্তান জন্মদানের প্রক্রিয়াকে বলা হয় ডেলিভারি, যা সাধারণত দুইভাবে হয়ে থাকে—স্বাভাবিক (নরমাল) ডেলিভারি ও সিজারিয়ান (সি) সেকশন।
\r\nস্বাভাবিক প্রসব প্রক্রিয়া প্রাকৃতিক এবং দীর্ঘদিনের পরীক্ষিত পদ্ধতি। এতে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে এবং পরবর্তী জটিলতার আশঙ্কাও হ্রাস পায়। তাই অনেক দম্পতি চিকিৎসকের পরামর্শ মেনে নরমাল ডেলিভারির আশায় থাকেন।
\r\nইসলামে সন্তান প্রসবের সময় বিশেষ কোনো আমল নির্দিষ্ট করে বলা না হলেও, এটি যেহেতু বিপদের মুহূর্ত, তাই বিপদে পড়লে যেসব দোয়া ও আমল পড়তে বলা হয়েছে, তা পড়া যেতে পারে। ইসলামি আলেমরা এমন কয়েকটি দোয়ার পরামর্শ দেন, যা মানসিক প্রশান্তি এনে প্রসব প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
\r\nপড়ার জন্য কোরআনের আয়াত ও আমল:
\r\nসুরা রাদের ৮ নম্বর আয়াত ও সুরা ফাতিরের ১১ নম্বর আয়াত তিলাওয়াত করা যেতে পারে। কেউ এই আয়াতগুলো পড়ে প্রসববেদনায় থাকা নারীর ওপর ফুঁক দিতে পারেন, অথবা পানিতে ফুঁক দিয়ে সেই পানি তাকে পান করানো ও পেটে মালিশ করানো যেতে পারে।
এ ছাড়া আল্লাহর গুণবাচক নাম “আল-মুবদিয়ু (اَلْمُبْدِئُ)” অর্থাৎ “যিনি সৃষ্টি করেন”—এই নামটি পাঠ করার কথাও ইসলামি বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।
\r\nবিপদের মুহূর্তের দোয়া:
\r\nاللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
\r\nঅর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আপনি ইচ্ছা করলে কঠিন বিষয়ও সহজ করে দেন।
আরেকটি দোয়া হলো—
\r\nرَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
\r\nঅর্থ: হে আমার রব, আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা আল-আম্বিয়া, আয়াত: ৮৩)
গর্ভকালীন সময় ধৈর্য ও ত্যাগের সময়। ইসলাম অনুযায়ী, সন্তান জন্মদানের কষ্টে কোনো নারী মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। তাই এই সময় দোয়া, আমল ও ধৈর্য ধারণই সবচেয়ে বড় সহায়ক।





