জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণার সমাবেশে এ কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

তাসনিম জারা বলেন, \"আমরা জুলাই মাসজুড়ে পদযাত্রার মাধ্যমে দেশের প্রায় প্রতিটি জেলায় গিয়েছি। সেখান থেকে আমরা জেনেছি, দেশের স্বাস্থ্যসেবা কতটা বৈষম্যমূলক এবং সাধারণ মানুষ কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।\"

তিনি জানান, এনসিপি এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলবে, যেখানে কেউ আর টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত হবেন না। \"জরুরি চিকিৎসা পৌঁছানোর আগেই জীবনরক্ষাকারী সেবা শুরু হবে, স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, যাতে ভুল চিকিৎসা ও অপ্রয়োজনীয় টেস্ট কমে যায়,\"— বলেন তিনি।

তাসনিম আরও বলেন, \"আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করব যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পান। চিকিৎসার অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে।\"

এনসিপির এই নেত্রী বলেন, \"আমাদের অর্থনীতি হবে কল্যাণমুখী। এমন কর্মসংস্থান নিশ্চিত করব, যেখানে প্রতিটি মানুষ নাগরিক মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।\"

তিনি আরও জানান, এনসিপি করব্যবস্থা ঢেলে সাজাবে, যাতে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং দেশের প্রতিটি নাগরিক রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারে।

'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণার এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ২৪ দফার এই ইশতেহার শুধু একটি রাজনৈতিক রূপরেখা নয়, বরং একটি সমৃদ্ধ, মানবিক এবং সমানাধিকারের বাংলাদেশ গড়ার প্রত্যয়।