নাটোরে ময়লা ফেলার গর্তে পড়ে নেহা খাতুন (১.৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ছাতনি দিয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহা ওই গ্রামের মোহাম্মদ লালনের মেয়ে।
rnপারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল নেহা। একপর্যায়ে বাড়ির পাশে গরুর গোবর ও ময়লা রাখার জন্য খোঁড়া গর্তে সে পড়ে যায়। এ সময় বাড়িতে তার দাদা-দাদি না থাকায় শিশুটির অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যরা নিশ্চিত ছিলেন না।
rnপরে দাদা-দাদি বাড়ি ফিরে নেহাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের গর্ত থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
rnদ্রুত তাকে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
rnনাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। শিশুটির বয়স কম হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





