নানা নাটকীয়তা, বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ। 

সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি পাঁচ তারকা হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনভর উত্তেজনা আর আলাপ-আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের আনাগোনায় মুখর হয়ে ওঠে নির্বাচনী এলাকা। 

এদিকে নির্বাচনের ভোটের আগের রাতে নতুন করে ব্যালট পেপার ছাপাতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ৩০ সেপ্টেম্বর বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করায় বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করা হয়েছিল। মোহামেডান ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর ফলে আজ বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 

এদের মধ্যে ভাইকিংস ক্লাবের কাউন্সিলর ইফতেখার মিঠু নির্বাচনে একজন প্রার্থী ছিলেন। কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় তাঁর প্রার্থিতাও বৈধ হয়েছে। ফলে ব্যালট পেপারে প্রার্থীর সংখ্যা ১৭-তে উন্নীত হয়েছে। বিসিবির নির্বাচন কমিশন আগে ১৬ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। ব্যালট পেপারে পরিবর্তন আসায় রোববার দুপুরের আগে ক্লাব ক্যাটেগরিতে যেসব কাউন্সিলর ই-ভোট দিয়েছিলেন, সেগুলো বাতিল করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। ফলে ই-ভোটের জন্য আবেদনকারীদের নতুন করে ভোট দিতে হবে। 

গতকাল জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়িয়েছেন। তাই ঢাকা বিভাগ থেকে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

জেলা ও বিভাগের ১০ জন পরিচালকের মধ্যে এর আগে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। আমিনুল ও নাজমূল যোগ হলে ক্যাটাগরি–১ এর ১০ পরিচালকের আটজনই হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

ক্যাটাগরি–৩ এর একটি পরিচালক পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই ক্যাটাগরির আরেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।