ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ফারজানা সিঁথি বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হব।”

তিনি ২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার (ক্যাপ্টেন আশিক) সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।

জানা যায়, ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।