বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে পারার টিকিট কেটেছে। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল অংশ নেবে এশিয়ান কাপের দশম আসরে। মূল আসরের আগে দলটি জোর প্রস্তুতি নেবে, যেখানে ঋতুপর্ণা ও আফঈদারা নেতৃত্ব দেবেন।
প্রস্তুতির অংশ হিসেবে আগামী অক্টোবরে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে, ফিফা উইন্ডোর সময়সূচি অনুযায়ী ২৫ ও ২৮ অক্টোবর মাঠে গড়াতে পারে। এছাড়া, নভেম্বর উইন্ডোয় ঢাকায় একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, “অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলার বিষয় চূড়ান্ত। নভেম্বর উইন্ডোতে ঢাকায় ত্রিদেশীয় খেলার জন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।”
অক্টোবরের দুটি প্রীতি ম্যাচের পর বাংলাদেশ দল জাপানে যাবে। সেখানে কোনো ম্যাচ না খেললেও কয়েক সপ্তাহের অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে। কিরণ বলেন, “জাপানে আমরা ম্যাচ খেলব না, শুধু অনুশীলন হবে। নভেম্বর উইন্ডোতেও দুইটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া বা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।”
\r\n\r\n\r\n
উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ দলও আগামী মার্চে থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে এবং সিনিয়র দলের সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রাও অনুশীলন ও প্রীতি ম্যাচগুলোতে অংশ নেবে।
\r\n




