জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী্।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত নারী আসনে দলীয় সম্ভাব্য নারী সংসদ সদস্যদের নামে ভুয়া তালিকা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন। দলটি এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, জনমনে বিভ্রান্তি তৈরি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। সংরক্ষিত নারী আসনসহ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হয় এবং এতে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

দলটি জানায়, নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশবাসীকেও এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।