জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক, কালাই পৌরসভার সাবেক মেয়র ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কালাই পৌরশহরের থানাপাড়া (কৃষি ব্যাংকপাড়া) মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে।


জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের বিরুদ্ধে জয়পুরহাট শহরের একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন।


তিনি আরও জানান, গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।